
ঢাকা, ১ ফেব্রুয়ারি – সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের শ্রীপুর হাসান কলোনি এলাকায় বিএনপির একটি কার্যালয়ে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
ঢাকা ১৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্বাচনী ব্যানার ঝোলানো ও দখলকে কেন্দ্র করে এই বিবাদ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ডা. সালাউদ্দিন বাবুর ব্যানার নিয়ে তার সমর্থক জিয়া মঞ্চের সদস্য কিবরিয়া সরকার এবং আলম পারভেজ বুলেটের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে আলম পারভেজ বুলেট তার অনুসারীদের নিয়ে ওই নির্বাচনী অফিস এবং পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহতরা হলেন কিবরিয়া সরকার, তার ছেলে তৌহিদ সরকার, হায়দার, মোকসেদুর রহমান ও আলম পারভেজ বুলেট। এদের মধ্যে তৌহিদ সরকারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, নির্বাচনী প্রচারণার সময় ব্যানার ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে, তবে বড় ধরনের ভাঙচুর বা লুটপাটের কোনো সত্যতা পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এ এস / ১ ফেব্রুয়ারি ২০২৬





