আলজেরিয়ার বুমের্দেস প্রদেশে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩৯ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি গন্তব্যের প্রায় ৫০ কিলোমিটার আগে এল কারমা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব বুমের্দেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।
ভয়াবহ এ দুর্ঘটনার পর দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন। রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট তেব্বুন বলেন, এ ঘটনার জন্য দায়ীদের তিনি ‘সড়কের অপরাধী ও সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করেন। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।



