২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ কোয়ার্টার-ফাইনালে রোববার বাংলাদেশ সময় সকাল ৭টা কানসাস সিটির মাঠে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। সেমিফাইনালের টিকিটের এই লড়াইয়ে ইতিহাস ও পরিসংখ্যান দুটোই এগিয়ে রাখছে লিওনেল মেসিদের। তবে এবারের বিশ্বকাপে সুইজারল্যান্ডও গড়েছে অনন্য এক রেকর্ড, যা ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। দুদলের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানের খতিয়ান।
দুদলের মুখোমুখি ইতিহাসে স্পষ্ট আধিপত্য আর্জেন্টিনার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সাতবারের দেখায় পাঁচটিতে জিতেছে আলবিসেলেস্তেরা, বাকি দুটি ড্র। অর্থাৎ গত ৬০ বছরে সুইজারল্যান্ডের বিপক্ষে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপেও দুইবার মুখোমুখি হয়েছে দল দুটি। ১৯৬৬ সালের গ্রুপ পর্বে ২-০ এবং ২০১৪ সালের শেষ ষোলোয় অতিরিক্ত সময়ে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে লিওনেল স্কালোনির দল। টানা ১১ ম্যাচ ধরে অপরাজিত তারা, যেখানে জয় এসেছে ৯টিতে এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। শুধু তাই নয়, এই ১১ ম্যাচের প্রতিটিতেই অন্তত দুটি করে গোল করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচে দুই বা তার বেশি গোল করার রেকর্ডে তারা এখন উরুগুয়ের (১৯৩০-১৯৫৪) পাশে।
অন্যদিকে, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলছে সুইজারল্যান্ড। সর্বশেষ ১৯৫৪ সালের আসরে শেষ আটে উঠেছিল ইউরোপের দলটি। তবে লাতিন আমেরিকার প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে তাদের রেকর্ড মোটেও ভালো নয়। ১০ ম্যাচে মাত্র এক জয়, তিন ড্র ও ছয় হার সুইসদের।
তবে এবারের বিশ্বকাপে একটি বিশেষ কৃতিত্ব রয়েছে সুইজারল্যান্ডের। বাছাইপর্ব ও মূল পর্ব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযানে এপর্যন্ত ম্যাচের কোন সময়েই প্রতিপক্ষের চেয়ে গোলের ব্যবধানে পিছিয়ে পড়েনি তারা। তাই ইতিহাস আর্জেন্টিনার পক্ষে থাকলেও মাঠের লড়াইয়ে সুইজারল্যান্ড যে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে, সেটি বলাই যায়।




