নাব্যতা-সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে ডুবোচরে আটকে পড়ার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এ নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মতো এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হলো। এর আগে দুই দফায় প্রায় ৯৮ ঘণ্টা আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি বন্ধ থাকে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, আরিচা-কাজিরহাট নৌপথে পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই নৌপথে পলি জমে নদীর নাব্যতা কমে যাওয়ায় ফেরি চলাচলে ব্যাহত হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।