মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানানো হয়েছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী পরদিন ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত থাকতে পারে আমিরাতে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশটির বাসিন্দারা টানা ছয় দিনের ছুটি উপভোগ করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা, যা হিজরি সনের শেষ মাসে পালিত হয়। মহান আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন হিসেবে হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মরণে এই উৎসব উদযাপন করা হয়।
এদিনের প্রধান আমল কোরবানি করা, যা ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। শরিয়তে নির্ধারিত কোরবানির বিধান ‘সুন্নাতে ইবরাহিমি’ হিসেবে পরিচিত এবং এর উৎস কোরআন ও হাদিসে বর্ণিত রয়েছে।



