আয়ারল্যান্ডকে হারিয়ে ফিরছে পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

আয়ারল্যান্ডকে হারিয়ে ফিরছে পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টি-টুয়েন্টি বিশ্বকাপে মোটেও ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি পাকিস্তান। প্রথম দুই ম্যাচে হেরে এরপর কানাডার বিপক্ষে জয় পেলেও সুপার এইটে পৌঁছানোর লক্ষ্যে খুব একটা সুবিধা হয়নি। গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দল।

লডারডেলের সেন্ট্রাল ব্রোডেল রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। তবে আইরিশদের ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি, নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলেন তারা। জবাবে নেমে ৭ বল হাতে রেখে ৩ উইকেটে জয় নিশ্চিত করে পাকিস্তান।

রানতাড়ায় পাকিস্তানের জয়ের পথটা খুব একটা সহজ হয়নি। আইরিশ বোলারদের তোপে ৭ ব্যাটারকে হারিয়েছে তারা। সর্বোচ্চ রান করেছেন বাবর আজম। ৩৪ বলে ৩২ রান করেছেন পাকিস্তান অধিনায়ক। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ১৬ বলে ১৭, সাইম আয়ু্ব ১৭ বলে ১৭ এবং শেষের দিকে আব্বাস আফ্রিদি ২১ বলে ১৭ ও শাহিন শাহ আফ্রিদি ৫ বলে ১৩ রান করেন।

আইরিশ বোলারদের মধ্যে ব্যারি ম্যাকার্থি ৩টি এবং কার্টিস ক্যাম্ফের ২ উইকেট নেন।

আগে ব্যাটে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড, নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। পাওয়ার প্লের প্রথম ওভারে শাহিন আফ্রিদির বলে হারায় দুই উইকেট। পাওয়ার প্লে শেষে ৩২ রান তুলতে হারায় পাঁচ উইকেট।

মিডল অর্ডারে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন গ্যারেথ ডিলেনি। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ১৮ বলে ২২ রান আসে জশ লিটলের থেকে। ১৫ রান করেন মার্ক অ্যাডাইর।

পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি ও ইমাদ ওয়াসিম নিয়েছেন তিনটি করে উইকেট। দুই উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। একটি পেয়েছেন হারিস রউফ।

Scroll to Top