আমি এখন আইনিভাবে কথা বলব, নোটিশ প্রসঙ্গে শরীফুল রাজ

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক শরীফুল রাজের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। শনিবার (৩১ অক্টোবর) এ নোটিশ দেওয়া হয়েছে।

রাজ

নোটিশ থেকে জানা যায়, সিনেমার প্রযোজক শাহরিন আক্তার। তিনি ‘ঠিকানা’ নামে একটি সিনেমা বানাতে যাচ্ছেন। এটি পরিচালনা করছেন জুবায়ের ইবনে বকর। সিনেমাটি আগামী ঈদে বা ঈদের পর কোনো এক সময় মুক্তি পাবে বলে চুক্তিতে বলা হয়েছে। তবে নির্ধারিত কোনো তারিখ উল্লেখ নেই।

নোটিশে জানানো হয়েছে—নোটিশের তারিখ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শিডিউল দেওয়ার দাবি জানানো হচ্ছে। অন্যথায় আইন ও ন্যায়বিচারের আওতায় প্রাপ্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছেন চিত্রনায়ক শরীফুল রাজ। একটি গণমাধ্যমে তিনি বলেন, “একবার বলে টাকার কথা, আমি না কি টাকা দিচ্ছি না। আবার বলে শিডিউলের কথা। তারা আসলে কী চায়? টাকা চাইলে নিয়ে যাক। আর যদি শিডিউল চায়, সেটা তো অবশ্যই দিব। আমি তো সিনেমা করতে এসেছি। আমার দীর্ঘ ক্যারিয়ারে টাকা নিয়ে শিডিউল দিইনি এমন কেউ বলতে পারবে না। আমি সব সময় সিনেমাই করব।”

ঈদে ‘ঠিকানা’ সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতারা। কথা ছিল আপনি সেভাবেই শিডিউল দিবেন, তাদের সহযোগিতা করবেন। কিন্তু আপনি সেভাবে শিডিউল দিচ্ছেন না বলে অভিযোগ প্রযোজকের। এ বিষয়ে শরীফুল রাজ বলেন, “সিনেমাটি ঈদেই আসবে। আর কোনো সিনেমা করা যাবে না, বিষয়টা এমন নয়। তাদের ইচ্ছা ঈদে মুক্তি দিবে, ওকে। কিন্তু অন্য কোনো সিনেমা করা যাবে না—এটা তো চুক্তিতে নাই। আবার তাদের সিনেমা ঈদে আসবে—এটাও তো নয়, সেটা নোটিশেই ঈদের পরে মুক্তির কথা উল্লেখ রয়েছে। আমরা সেভাবেই কাজটি করতে পারতাম। কিন্তু পেশাগত জায়গায় শিডিউলের জন্য এমন অভিযোগ, আইনি নোটিশ আমাকে হতবাক করছে।”

চুক্তি ও আইনি নোটিশে কী বলা হয়েছে—এমন প্রশ্নের জবাবে শরীফুল রাজ বলেন, “আমাদের চুক্তির ৪.১১ ধারায় উল্লেখ আছে সিনেমাটি মুক্তি অথবা মুক্তির শিডিউলের সময় প্রসঙ্গে। আইনি নোটিশের দুই নম্বর ধারায় মুক্তি নিয়ে একই কথা বলা। সিনেমাটি ঈদেই মুক্তি পাবে, তা তো নয়। অন্য কোনো সময়ও মুক্তি পাবে উল্লেখ করা। কিন্তু পরে কবে, সেটাও উল্লেখ নাই। এর মাঝেই শিডিউল নেওয়া নিয়ে আইনি নোটিশ দিয়েছে। এখন আমিও আইনিভাবেই কথা বলব।”

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

খানিকটা ব্যাখ্যা করে শরীফুল রাজ বলেন, “চুক্তির ভিন্নতা নিয়ে অনেক কিছুই বলতে পারি। আমার কাজ শিডিউল দেওয়া, শুটিং করা। এখন বছরে তো আমি একটাই সিনেমা করছি না। যাই হোক, পেশাগত জায়গায় আমি এসব বিষয়ের চেয়ে কাজ নিয়েই বেশি ভাবতে চাই। প্রযোজক–পরিচালকের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। তারা বিষয়টি অনুধাবন করতে পারবেন।”

Scroll to Top