খুলনা টাইগার্স এ ক্ষেত্রে এখন পর্যন্ত সুনামের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করছে। টাকাপয়সা নিয়ে ক্রিকেটারদের অভিযোগ নেই, অন্যান্য দিক দিয়েও তাদের কার্যক্রম বেশ পরিচ্ছন্ন বলে শোনা যায়। কিন্তু মেহেদী হাসান মিরাজ তো আর শুধু খুলনার অধিনায়ক নন, বাংলাদেশ দলের একজন সিনিয়র ক্রিকেটার, বাংলাদেশের সব ক্রিকেটারেরই প্রতিনিধি।
নিজেরা টাকাপয়সা ঠিকঠাকভাবে পেলেও এ নিয়ে অন্য ক্রিকেটারদের অভিযোগ তাই তাঁকে কষ্ট দেয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মিরাজ আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সে কথাই বলেছেন, ‘অবশ্যই এতে খারাপ লাগছে। দিনশেষে তো আমরা খেলোয়াড়েরা ক্রিকেট খেলি টাকার জন্য। যদি পারিশ্রমিক না পাই, প্রত্যেক খেলোয়াড়ের জন্যই খারাপ।’
মিরাজ অবশ্য আশাবাদী, বিপিএলে ধারাবাহিকভাবে চলে আসা এই সমস্যার সমাধান করবে বিসিবি, ‘সবাই আশা করবে, যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, ক্রিকেট বোর্ড অবশ্যই এ ব্যাপারে কথা বলবে। তারা আমাদের দায়িত্ব নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে কথা বলবে।’



