গতকাল সকালে উপজেলার গোয়ালভাওর, ফতেপুর, জহিরাবাদ, ছেংগারচর, ঘনিয়ারপাড়, বৈদ্যনাথপুর, পূর্ব নাউরী, সিপাইকান্দি, লুধুয়া, গজরা, ঠেটালিয়া ও মোহনপুর এলাকায় দেখা যায়, সেখানে জমির পর জমি আমনখেত। পাকা ও আধা পাকা আমনের সোনালি ফলন দোল খাচ্ছে বাতাসে। খেতে বইছে হলুদের ঢেউ। পাকা ধানের সোঁদা গন্ধে ভরে গেছে চারপাশ। দল বেঁধে খেত থেকে আমনের ফলন কাটছেন কৃষকেরা। খেতের পাশে, বাড়ির উঠানে চলছে ধান মাড়াইয়ের কাজ। গোটা এলাকাই যেন ধানময়, আমনময়। এ যেন এক টুকরা ‘আমনের রাজ্য’।
আমন ধান বিক্রি করে সংসারের সচ্ছলতা আসার কথা জানিয়ে ফতেপুরের মিজানুর রহমান বলেন, গত কয়েক বছর আমন–বোরো চাষ করে অনেক ক্ষতি হয়েছে। এবার আমনের বাম্পার ফলন হয়েছে। অতিবৃষ্টি বা জলাবদ্ধতার কারণে আমন খেত ক্ষতিগ্রস্ত হয়নি। এখন তাঁরা ধান কাটা, মাড়াই করা, ফলন ঘরে তোলা ও বাজারে নিয়ে বিক্রির কাজে ব্যস্ত। ধান ভাঙিয়ে চাল করেও বাজারে বিক্রি করছেন। ধান ও চালের বাজারদর ভালো। পরিবারে চালের চাহিদা মিটিয়ে এগুলো বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

