
শুক্রবার (৩ জুলাই) ভোরের দিকের আন্তর্জাতিক লেনদেনে তেলের বাজারে মূল দুই বেঞ্চমার্কেরই দাম সামান্য বেড়েছে।
অপরিশোধিত তেলের বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১৭ সেন্ট বা দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭২ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন বাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি ১৪ সেন্ট বা দশমিক ২০ শতাংশ বেড়ে ৬৮ দশমিক ৮৩ ডলারে উন্নীত হয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে জানিয়েছেন যে এটি মূলত একটি সতর্ক আশাবাদের প্রতিফলন, যেখানে বাজার এই শান্তি প্রচেষ্টা সফল হবে বলে বিশ্বাস করতে চাইছে। তবে জলপথে তেলের নিরাপদ যাতায়াতের বাস্তব প্রমাণ না পাওয়া পর্যন্ত বিনিয়োগকারীরা এখনো তাদের বড় ধরনের ঝুঁকি এড়াতে সব দিক বিবেচনা করে পা ফেলছেন।
এর আগের কার্যদিবসে দুই বেঞ্চমার্কেরই দাম কমে গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া আমেরিকা-ইসরায়েল ও ইরান যুদ্ধের পূর্ববর্তী সময়ের পর থেকে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম সামগ্রিকভাবে দশমিক ০২ শতাংশ কমেছে এবং ডব্লিউটিআই ক্রুডের দাম দশমিক ১২ শতাংশ বেড়েছে, যা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে কম সাপ্তাহিক পরিবর্তন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির সুফল হিসেবে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ সরবরাহকারী রুট হরমুজ প্রণালী পুনরায় চালু হয়েছে। এর ফলে ওপেকের অন্যতম সদস্য দেশ কুয়েতের দৈনিক তেল উৎপাদন গত মে মাসের ৫ লাখ ৮০ হাজার ব্যারেল থেকে জুন মাসে এক লাফে ১৬ লাখ ৫০ হাজার ব্যারেলে উন্নীত হয়েছে।
পাশাপাশি সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো এশিয়ায় তেলের বিক্রি দ্রুত বাড়াতে স্পট প্রাইসিং বা তাৎক্ষণিক বাজার মূল্য পদ্ধতি ব্যবহার শুরু করেছে। এর ফলে ইতিমধ্যেই মোট এক কোটি ব্যারেল সৌদি অপরিশোধিত তেল নিয়ে অন্তত পাঁচটি সুপারট্যাংকার হরমুজ প্রণালী অতিক্রম করে গন্তব্যে রওনা হয়েছে বলে বিভিন্ন জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য ও বাণিজ্যিক সূত্র নিশ্চিত করেছে।
সূত্র: রয়টার্স


