
চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। ব্রাজিলিয়ান কাপে পালমেইরাসের বিপক্ষে ম্যাচে আবারও চোটে পড়েছেন সান্তোস ফরোয়ার্ড। ম্যাচের প্রথমার্ধ শেষ করেই ডান উরুর তীব্র ব্যথায় মাঠ ছাড়তে হয় তাকে। একই ম্যাচে চোটে পড়েছেন সান্তোসের আরও দুই খেলোয়াড়- উইঙ্গার আলভারো বারিয়াল ও ডিফেন্ডার লুকাস ভেরিসিমোও।
ম্যাচ শেষে ভিলা বেলমিরোর মাঠের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। তার অভিযোগ, ম্যাচের আগের দিন মাঠে কাজ করার কারণে বিভিন্ন জায়গায় ছোট-বড় গর্ত তৈরি হয়েছিল। ফলে খেলোয়াড়দের প্রতিপক্ষের পাশাপাশি খারাপ টার্ফের সঙ্গেও লড়তে হয়েছে।
নেইমারের দাবি, মাঠ অমসৃণ থাকায় দৌড় শুরু ও থামার সময় স্বাভাবিকের চেয়ে বেশি চাপ নিতে হচ্ছিল খেলোয়াড়দের। একই ম্যাচে তিন সান্তোস খেলোয়াড়ের চোটে পড়াকে তিনি মাঠের অবস্থার সঙ্গে সম্পর্কিত বলেও ইঙ্গিত দেন।
তবে নেইমারের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছে পালমেইরাস। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটি নিজেদের মাঠের পরিচর্যার প্রশংসা করে জানিয়েছে, তাদের ঘাস নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় এবং মাঠ সবসময় গর্তমুক্ত ও মানসম্মত থাকে।
পালমেইরাস আরও দাবি করেছে, গত পাঁচ বছরে ব্রাজিলিয়ান সেরি আ-তে সবচেয়ে কম চোটে পড়ার রেকর্ড তাদের। নেইমারকে খোঁচা দিয়ে ক্লাবটি লিখেছে, ‘বাজে স্টেডিয়ামের সমাধান হলো একটি ভালো স্টেডিয়াম বানিয়ে নেওয়া। হিসাব তো একেবারেই সহজ।’
ম্যাচটি গোলশূন্য ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে ব্রাজিলিয়ান কাপের সেমিফাইনালে উঠেছে পালমেইরাস। অন্যদিকে, নেইমারের চোটে বড় দুশ্চিন্তায় পড়েছে সান্তোস। আগামী ৬ সেপ্টেম্বর করিন্থিয়ানসের বিপক্ষে লিগ ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…