
কাবুল, ২২ ফেব্রুয়ারি – প্রতিবেশী দেশ আফগানিস্তানে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত এবং আরও কয়েক ডজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।
ইসলামাবাদের নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাতভর চালানো এই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে হওয়া আত্মঘাতী বোমা হামলার জবাবেই আফগানিস্তান-ভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোববার ভোরের দিকে আফগানিস্তানের নানগরহার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় ‘ফিতনা আল-খাওয়ারিজের’ ৮০ জনের বেশি সদস্য প্রাণ হারিয়েছে। অভিযান চলাকালে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সংশ্লিষ্ট সাতটি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়েছে। ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর মধ্যে নানগরহারের একাধিক সেন্টার, খোস্তের মোলভি আব্বাস সেন্টার এবং পাকতিকার মোল্লা রাহবার ও মুখলিস ইয়ার সেন্টার অন্যতম। সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের উপস্থিতি ও তৎপরতা সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র।
তবে আফগানিস্তানে হতাহতের এই সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬





