
ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে আগামী ২৫ অক্টোবর থেকে সাংবাদিকদের প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে ফের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।
সোমবার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর কাছে চিঠিটি হস্তান্তর করা হয়।
এসআরএফের সভাপতি মো. দিদারুল আলম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ আদেশ ও রায় সম্পর্কে জনসাধারণকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জানাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন আদালতে কর্মরত সাংবাদিকরা। তবে দীর্ঘদিন ধরে আপিল বিভাগের এজলাসে প্রবেশের সুযোগ না থাকায় গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি পর্যবেক্ষণ করে সংবাদ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এতে বিচারিক কার্যক্রম সম্পর্কে নির্ভুল ও পূর্ণাঙ্গ সংবাদ প্রকাশে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, এ বিষয়ে এর আগেও প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে এসআরএফ। তবে এখনো কাঙ্ক্ষিত সমাধান পাওয়া যায়নি।
সাংবাদিকরা আদালতের কার্যক্রমে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চান না উল্লেখ করে চিঠিতে বলা হয়, আদালতের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রেখেই সংবাদ সংগ্রহ করতে চান তারা। বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে আদালতের উন্মুক্ত কার্যক্রম সম্পর্কে সংবাদ প্রকাশের সুযোগ গুরুত্বপূর্ণ।
এসআরএফের মতে, আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেওয়া হলে বিচারিক কার্যক্রম সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে পৌঁছানো সহজ হবে। একই সঙ্গে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে।
রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠিটি হস্তান্তর করেন এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ইমন মাহমুন, দপ্তর সম্পাদক রাব্বি হোসেন, কার্যনির্বাহী সদস্য সৈয়দা সাবরিনা মজুমদার এবং সদস্য তুলনা আফরিন, নাজমুল হুদা, জুনাইদ আল হাবিব ও ইমদাদুল আজাদ।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


