আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

ঈদুল ফিতরের আনন্দঘন দিনে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের হাসি ফুটিয়েছে বাংলাদেশ। পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপনের এই দিনে দেশের ক্রীড়াবিদরা ছড়িয়ে দিয়েছেন গৌরবের বার্তা। নেপালের রাজধানী কাঠমান্ডুতে জুডোতে তিন পদক জিতেছেন তরুণ খেলোয়াড়রা।

নেপাল জুডো ফেডারেশনের আমন্ত্রণে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ৬ জন জুডোকা। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে তিনটি ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশ অর্জন করেছে দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক।

অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে বাংলাদেশের ৪ জন খেলোয়াড় পদক লড়াইয়ে মাঠে নামেন। মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট ৫৩+ ওজন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আজিজা আলেয়া লিয়ন। এছাড়া বালক ক্যাডেট ৬২+ ইভেন্টে স্বর্ণ জিতেছেন উসাচিং মারমা বিজয়। দিনের শেষ ইভেন্ট -৪৫ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন রেমি হাসি।

নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করছেন। রোববার বাংলাদেশ দলের আরও দুইজন খেলোয়াড় পদক লড়াইয়ে নামবেন।

Scroll to Top