২০২৫ উইম্বলডন ফাইনালে রেকর্ড গড়ে ইগা সুয়াটেক জিতেছিলেন আমান্ডা আনিসিমোভার বিপক্ষে। আমান্ডাকে হারিয়েছিলেন ৬-০, ৬-০ একতরফা সেটে। ৫৩ দিন পর আমান্ডা ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে পোলিশ তারকা সুয়াটেককে হারালেন ৬-৪,৬-৩ সেটে। সেমিতে তার প্রতিপক্ষ পাঁচবছর পর ইউএস ওপেনে সেমিতে আসা জাপানি তারকা নাওমি ওসাকা।
টেনিস এককে বিশ্বর্যাঙ্কিয়ে আটে থাকা যুক্তরাষ্ট্রের তারকা আমান্ডা উইম্বলডন ফাইনালের স্মৃতি ভুলতে পারেননি। অকপটে স্বীকার করেছেন ম্যাচটির ভিডিও তিনি বারবার দেখেছেন।
আমান্ডা বলেছেন, ‘আমি সেগুলো বারবার দেখেছি। খুব দুঃক্ষজনকও বটে। যখনই বাজে অনুভূতি হয়েছে তখনই এড়িয়ে গিয়েছি। এরপর নিজের ভালো ম্যাচের ভিডিও দেখেছি চাপ কমাতে।’
উইম্বলডনের ফাইনালে হার নিয়ে আনিসিমোভা বলেছেন, ‘সেই ম্যাচের স্মৃতি আমাকে মানসিকভাবে শক্তিশালি করেছে। ওই টুর্নামেন্টজুড়ে যা শিখেছি তা থেকেই নিজেকে সান্ত্বনা দিয়েছি। প্রতি ম্যাচে নিজেকে বলেছি, ভয় নিয়ে নামা যাবে না। কোয়ার্টারে কোন ভয় কাজ করেনি।’
ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার ওসাকার মুখোমুখি হবেন কখনও গ্র্যান্ড স্লাম জিততে না পারা আনিসিমোভা। পাঁচ বছরে এই প্রথম ইউএস ওপেনে সেমিফাইনালে এলেন ওসাকা। কোয়ার্টারে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভাকে হারিয়েছেন দুবারের গ্রান্ড স্লামজয়ী জাপানিজ তারকা।





