ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে নামার অপেক্ষায় বাংলাদেশ। এপর্যন্ত আসতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। আসরের সবচেয়ে দ্রুত গোলের রেকর্ডও গড়েছেন। শিরোপা লড়াইয়ের আগে তার ভূয়সী প্রশংসা করলেন কোচ পিটার বাটলার।
ফাইনালের আগেরদিন সংবাদ সম্মেলনে নানা বিষয়ে উত্তর দিয়েছেন বাটলার। আনিকার বিষয়ে ইতিবাচক উত্তর দিয়েছেন বাংলাদেশ কোচ।
বলেছেন, ‘আনিকা বাংলাদেশের একজন ভালো খেলোয়াড়। সে দারুণ ব্যক্তিত্বের অধিকারী, খুবই পেশাদার একজন খেলোয়াড়।’
‘আমি তাকে যেমন বলেছি, তার শুধু এটুকুই করতে হবে যে, হতাশ হয়ে নিজের উপর ভেঙে পড়া চলবে না, ইতিবাচক থাকতে হবে।’
বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবেন আনিকা। বাটলার বললেন, ‘আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, সময় গড়ানোর সাথে সাথে সে ব্যক্তিগতভাবে এবং দলের জন্য, পুরো গ্রুপের জন্য আরও ভালো হয়ে উঠবে।’
সাফের ফাইনালে শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সাউথ গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। বাংলাদেশ টানা তিন সাফের ফাইনালে খেলতে নামছে। আগের দুবার হয়েছে চ্যাম্পিয়ন।




