রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং ফার্ম গলিতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির শিকার মো. জাহিদ (৩৮) মারা গেছেন। শনিবার এ ঘটনা ঘটে। গণপিটুনির প্রায় পাঁচ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, শনিবার সকালে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং ফার্ম গলির বাসিন্দা গরু খামারি আ. খুশি শেখ ওরফে খোরশেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে যান জাহিদ। এ ঘটনায় খোরশেদ বাদী হয়ে আদাবর থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জাহিদ খোরশেদের বাসায় গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি চাপাতি নিয়ে ভয়ভীতি দেখান। পরে বাধ্য হয়ে খোরশেদ তাকে ১০ হাজার টাকা দেন। এরপরও জাহিদ খামারের অবকাঠামো ভাঙচুর করেন এবং ঘরে ঢুকে সুকেসের ড্রয়ার থেকে আরও ৩০ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
পরে চাপাতি হাতে জাহিদকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা জড়ো হন। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসার পর জাহিদ সুস্থ বোধ করায় তাকে আদালতে পাঠানো হয়। বিকেল ৪টার দিকে আদালত চত্বরে হাজতের সামনে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, গত ১৬ জুন আদাবরের শেখেরটেকে মোবাইল ব্যাংকিং এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় জাহিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছিল।



