আড়াই শ বছরের বাণিজ্যের সাক্ষী

আড়াই শ বছরের বাণিজ্যের সাক্ষী

খুলনার ভৈরব নদের পূর্ব পাড়ের আকাশে যখন সূর্য উঁকি দেয়, তখনই পশ্চিম তীরে শুরু হয় ব্যবসায়ীদের প্রস্তুতি। সাজাতে শুরু করেন পণ্যের পসরা। সকালে ডাকবাংলোর মোড় থেকে ক্লে রোড ধরে পথ চললে প্রথমেই চোখে পড়ে দুই পাশে সারি সারি ফলের দোকান, যা স্থানীয়ভাবে ফলপট্টি নামে পরিচিত। সেখান থেকে অলিগলির পথ ধরে আরেকটু ভেতরে গেলেই বোঝা যায়, আড়াই শ বছরের প্রাচীন বাণিজ্যকেন্দ্রের বাস্তব রূপ।

এখানকার আড়ত বা পট্টিগুলোর মধ্যে সবার আগে চালু হয় ফলপট্টি আর মাছের আড়ত। এরপর একে একে খোলে সবজি, মাংস আর মসলাপট্টি। সূর্য একটু ওপরে উঠতে উঠতে যতক্ষণে প্রসাধনী আর কাপড়ের দোকানগুলো খুলতে শুরু করে, ততক্ষণে ফলপট্টির বেচাকেনা শেষ করে ব্যবসায়ীরা দোকান গুটিয়ে ফেলতে শুরু করেন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়ও বাড়তে থাকে। বাজার খোলা থাকে রাত ৯-১০টা অবধি এবং ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসবের সময় গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা।

খুলনা নগরীর প্রাণকেন্দ্রে, ভৈরব নদের পাশ ঘেঁষে দিনভর সরগরম থাকা বাণিজ্যকেন্দ্রটি বড় বাজার। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত এই বাজার ক্রেতা-বিক্রেতাদের সমাগমে মুখর থাকে। চাল-ডাল, ফলমূল, খুচরা-পাইকারি মুদি, কাপড়, প্রসাধনী, মসলা, মাছ-মাংস, শাকসবজি, অলংকার—সবই মেলে এই বড় বাজারে।

Scroll to Top