ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে আজ রাষ্ট্রীয় মর্যাদায় তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন।
আজ (৯ জুলাই) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, কারবালা থেকে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়েছে। পরে শেষ শ্রদ্ধা ও জানাজার জন্য তা ইমাম রেজা মাজার কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে সমাহিত করা হবে।
১৯৩৯ সালে জন্ম নেওয়া খামেনির জন্মস্থান মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় কেন্দ্র। শিয়া বিশ্বাস অনুযায়ী, ইমাম রেজা-এর পবিত্র মাজার এই শহরেই অবস্থিত। সে কারণেই খামেনিকে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে দাফনের সিদ্ধান্তকে বিশেষ ধর্মীয় ও প্রতীকী গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিয়া ঐতিহ্য অনুযায়ী, নবম শতকে বিষ প্রয়োগে ইমাম রেজাকে হত্যা করা হয় এবং পরে তাকে মাশহাদে সমাহিত করা হয়। সেই থেকে শহরটি বিশ্বের কোটি কোটি শিয়া মুসলিমের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছে।
এদিকে, বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির জন্মও মাশহাদে। এছাড়া সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও এই শহরের সন্তান ছিলেন।



