আজ থেকে ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু – DesheBideshe

আজ থেকে ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু – DesheBideshe

আজ থেকে ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু – DesheBideshe

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – সৌদি আরব ২০২৬ সালের হজ মৌসুমের (১৪৪৭ হিজরি) জন্য আজ রোববার থেকে হজ ভিসা দেওয়া শুরু করবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের আগমনের আগেই সেবার প্রস্তুতি জোরদার করা এবং পুরো প্রক্রিয়া সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব ধরনের সেবা ও সংশ্লিষ্ট চুক্তি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসনসংক্রান্ত সব চুক্তিও শেষ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন, যাদের মধ্যে ৩০ হাজার জন সরাসরি নিজ নিজ দেশ থেকে হজ প্যাকেজ বুক করেছেন।

আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৭৩টি হজ অফিস তাদের প্রাথমিক প্রস্তুতিও শেষ করেছে।

বাংলাদেশ থেকে ২০২৬ সালের হজে যেতে নিবন্ধন করা সরকারি ও বেসরকারি সব হজযাত্রীকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নেওয়ার পর ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী, ফিটনেস সনদসহ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে হজ ভিসার জন্য আবেদন করতে হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কেউ হজে অংশ নিতে পারবেন না।

চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র হজ আগামী ২৬ মে অনুষ্ঠিত হতে পারে। হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে ১৮ এপ্রিল থেকে।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top