দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, আজ তার উত্তর মিলতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে আজ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রগুলো বলছে, সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দলের উচ্চপর্যায়ের নেতাদের পাশাপাশি মন্ত্রিসভার শীর্ষ সদস্যদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এরপর নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী বিএনপির একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দেবে। আজই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
দলীয় সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন প্রায় চূড়ান্ত। গতকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছে। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে তাকে বুধবার অনেকে শুভেচ্ছাও জানিয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়নি। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বৈঠকে সম্ভাব্য প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষর নেওয়ার পাশাপাশি প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়ন ফরম প্রস্তুত করা হবে। এরপর প্রতিনিধি দলের মাধ্যমে তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনীত হলে বিএনপির পরবর্তী মহাসচিব কে হবেন এবং তার হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব কার কাছে যাবে, তা নিয়েও দলের বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের পাশাপাশি আরও কয়েকজনের নাম নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত দলের মহাসচিবের নামই এগিয়ে রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক ও সম্মানজনক পদগুলোর একটি। এই পদের জন্য যোগ্য, প্রাজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিকে মনোনয়ন দেওয়া উচিত। সেই বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন বলে তিনি মনে করেন।
অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। আজ তার পক্ষে জোটের নেতারা মনোনয়নপত্র জমা দেবেন।
ইসি সূত্র জানায়, একই প্রার্থীর নামে দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। একটি মনোনয়নপত্রে কোনো ত্রুটি থাকলে যাতে অন্যটি বিবেচনায় নেওয়া যায়, সে কারণেই এই ব্যবস্থা রাখা হয়েছে। ইসির তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। বর্তমানে ভোটার সংখ্যা ৩৪৯ জন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দেবেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করবেন।
সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে আজ বিএনপি যার নাম ঘোষণা করবে, কার্যত তখনই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তার নাম নিশ্চিত হয়ে যাবে। এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ৬ আগস্ট ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ রেখে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি পদে এবার একাধিক প্রার্থী থাকলে ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো সরাসরি সংসদীয় ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পরিস্থিতি তৈরি হবে। এখন সবার নজর আজকের বৈঠকের দিকে, যেখানে চূড়ান্ত হবে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর নাম।


