এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আজ ৯ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫। দুর্নীতির বিরুদ্ধে বৈশ্বিক অঙ্গীকার জোরদার এবং জনসচেতনতা বাড়াতে জাতিসংঘের গৃহীত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ ইউনাইটেড ন্যাশনস কনভেনশন এগেইনস্ট করাপশন (ইউএনসিএসি)–এর ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে।
আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার দিবসটি সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দুর্নীতিবিরোধী বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিতে র্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক কর্মকাণ্ড ও প্রচারণা চালানো হচ্ছে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে।
দিবসটি উপলক্ষে আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুদক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক।
আলোচনা সভায় দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সরকারি-বেসরকারি খাতে সততা প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক প্রশাসন এবং নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হবে বলে দুদক সূত্রে জানা গেছে। এছাড়া তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করতে বিভিন্ন সচেতনতামূলক প্রেজেন্টেশন ও সনদ বিতরণ কর্মসূচিও থাকবে।
প্রতি বছরের মতো এবারও দুর্নীতি দমন কমিশন বিভিন্ন গণমাধ্যমে প্রচারপত্র, পোস্টার, অনলাইন ক্যাম্পেইন ও সচেতনতা বৃদ্ধিমূলক বার্তা প্রচার করছে। জেলা-উপজেলা পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও নৈতিকতার ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
দিবসটিকে সামনে রেখে দুদক জানিয়েছে, সমাজে দুর্নীতি দমনে কেবল আইন প্রয়োগ নয়, বরং নাগরিকদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মধ্য দিয়েই একটি সুশাসিত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সেই অঙ্গীকারকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।





