
দিনাজপুর, ১৬ মার্চ – জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি ঘোষণা দিয়েছেন, আগামী মাসের মধ্যেই কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ শুরু করা হবে।
সোমবার ১৬ মার্চ দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, জনগণের প্রতি দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড প্রদান, ধর্মীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা এবং খাল খনন কর্মসূচির পর এবার কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দিনাজপুরে কৃষিভিত্তিক কারখানা ও হিমাগার স্থাপনের বিষয়ে সরকারের নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত দিনের সৃষ্ট সমস্যাগুলো সমাধানে কিছুটা সময়ের প্রয়োজন। জনগণের সহযোগিতায় একটি প্রত্যাশিত ও উন্নত বাংলাদেশ গঠনে সরকার বদ্ধপরিকর।
নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি জানান, এক মাসেরও কম সময়ে সরকার তাদের ওয়াদা পূরণের কাজ শুরু করেছে। নারী সমাজকে পেছনে ফেলে দেশের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।
তিনি আরও জানান, ১৫টি স্থানে পাইলট প্রকল্পের আওতায় নারীদের স্বাবলম্বী করতে ইতোমধ্যে ৩৭ হাজার ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
বিগত সরকারের অনিয়ম ও লুটপাটের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই অল্প সময়ে সব সমস্যার সমাধান করা কঠিন, তাই জনগণকে ধৈর্য ধারণ করতে হবে।
দলমত নির্বিশেষে বর্তমান সরকার সবার সরকার উল্লেখ করে তিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
এনএন/ ১৬ মার্চ ২০২৬





