এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল রোববার ১০ নভেম্বর রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েতের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তবে তা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে মোকাবিলা করবে।
শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এমন হুঁশিয়ারি দেন তিনি।
শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আগামীকাল (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটির সভাপতি ও ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংক্রান্ত একটি ফোনালাপ ছড়িয়ে পড়েছে।
সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টেও ১০ নভেম্বরের কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ কর্মসূচি পালন করতে পারবে না জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের ভেতর আওয়ামী লীগের সভা, সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই।

ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব লিখেছেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে।’




