অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মাদ ইউনূস, ছাত্র ও বিএনপিসহ সকল যুগপৎ আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগকে ছাড় না দেয়ার বিষয়ে একমত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, এদেশের সম্পদের ৭৫ ভাগ আওয়ামী লীগ নিয়ে চলে গেছে। এদেশের উন্নতি আওয়ামী লীগের কারনে বাধাপ্রাপ্ত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে জামালপুরের বকশিগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য হিসেবে এসব কথা বলেন তিনি।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, এই দেশে কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না। এ দলের প্রধান শেখ হাসিনা মানুষ হত্যাকারী তাই তার এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। শেখ হাসিনা যদি দেশে আসে তাহলে সাধারন জনগন তাকে হত্যা করবে।

এসময় তিনি আরও বলেন, এখনো আওয়ামী লীগের যারা গ্রেপ্তার হয়নি ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে তাদের আটক করতে হবে। যারা আওয়ামী লীগের সময় আন্দোলন সংগ্রাম করেছেন এবং মামলা হামলার শিকার হয়েছেন তাদেরকে দলে আগে প্রাধান্য দেওয়া হবে।
সম্মেলনে উদ্বোধক ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
এ সময় বক্তব্য রাখেন ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, বকশীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোকাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহাজাহন শাওন, ইসলাম শামীম প্রমুখ।



