টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টুর্নামেন্ট জুড়ে ব্যাটে-বলে পারফর্ম করাদের নিয়ে এই একাদশ তৈরি করেছে তারা। যেখানে বিশ্বজয়ী ভারতের চার জন সুযোগ পেয়েছেন, যা সর্বোচ্চ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানিয়েছে আইসিসি। টুর্নামেন্টের এই সেরা একাদশ নির্বাচনে ছিল এক শক্তিশালী প্যানেল। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ইয়ান বিশপ ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগানদের নিয়ে গঠিত এই প্যানেল পারফরম্যান্সের ভিত্তিতে বেছে নিয়েছেন সেরা একাদশ।
সেরা একাদশে ওপেনিংয়ের দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের হয়ে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া ব্যাটার শাহিবজাদা ফারহান ও টুর্নামেন্ট সেরা ভারতের সাঞ্জু স্যামসন। ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার ছাড়াও তালিকায় রয়েছেন ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া ও জসপ্রিত বুমরাহ।
মাত্র পাঁচ ম্যাচ খেলেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্যামসন। শুরুতে একাদশের বাইরে থাকলেও সুযোগ পেয়ে নকআউট পর্বে টানা তিন ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এই আসরে ২৪টি ছক্কা মেরে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছেন। মাত্র পাঁচ ইনিংসে ৩২১ রান করেছেন তিনি।
তিনে রাখা হয়েছে ভারতের মারকুটে ব্যাটার ঈশান কিষাণকে। মিডল অর্ডারের হাল ধরতে থাকছেন সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম, যিনি এই দলেরও নেতৃত্ব দেবেন। তার সঙ্গে ব্যাটিং লাইন-আপকে শক্তিশালী করতে আছেন দুই বিধ্বংসী অলরাউন্ডার- ভারতের হার্দিক পাণ্ডিয়া ও ইংল্যান্ডের উইল জ্যাকস।
পেস আক্রমণে জাসপ্রিত বুমরাহর সঙ্গে জুটি বাঁধবেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, সাউথ আফ্রিকার লুনগি এনগিদি ও জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি। আর একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। এছাড়া টুর্নামেন্টে অবিশ্বাস্য বোলিং উপহার দেয়া যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শ্যালকউইককে রাখা হয়েছে দ্বাদশ ব্যক্তি হিসেবে।
এক নজরে বিশ্বকাপের সেরা একাদশ
সাহেবজাদা ফারহান (পাকিস্তান), সাঞ্জু স্যামসন (ভারত), ঈশান কিষাণ (ভারত), এইডেন মার্করাম (অধিনায়ক, সাউথ আফ্রিকা), হার্দিক পান্ডিয়া (ভারত), উইল জ্যাকস (ইংল্যান্ড), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), জাসপ্রিত বুমরাহ (ভারত), লুনগি এনগিদি (সাউথ আফ্রিকা), আদিল রশিদ (ইংল্যান্ড), ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে) এবং দ্বাদশ ব্যক্তি হিসেবে আছেন শ্যাডলি ফন শ্যালকউইক (যুক্তরাষ্ট্র)।




