আইসিইউ সেবা পেলে ৩৩টি শিশু বেঁচেও যেতে পারত বলে মনে করেন রামেক আইসিইউর ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল। তিনি প্রথম আলোকে, ১৯ মার্চ সকালে একটি শিশু মারা গেছে। সে অপেক্ষমাণ তালিকার ৩৭ নম্বরে ছিল। তার মা কাঁদতে কাঁদতে মুঠোফোনে বলেন, ‘এত জায়গা থেকে তদবির করালাম, তবু আমার বাচ্চাকে আইসিইউ বেড দিলেন না, বেড পেলে বাচ্চাটা বাঁচত।’
অভিভাবকদের কাছ থেকে প্রায়ই ফোনে এ রকম ‘অভিশাপ’ পেতে হচ্ছে মন্তব্য করে আবু হেনা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সরকারি হাসপাতালের মধ্যে একমাত্র রাজশাহীর এই ডেডিকেটেড ১২ শয্যার শিশু আইসিইউ। তা-ও চলছে বিশেষ ব্যবস্থায়। ১৯ মার্চ সর্বশেষ সিরিয়ালের রোগীর ঠিকানা ছিল রাজবাড়ী। তার মানে ঢাকা বিভাগের রোগীও একটা আইসিইউ শয্যার জন্য এখানে চলে আসছে।’
জটিল, সংকটাপন্ন ও মুমূর্ষু রোগীদের আইসিইউতে রেখে চিকিৎসা দিতে হয়। সরকারি প্রতিষ্ঠানে এ বিশেষায়িত আইসিইউ সেবার খরচ তুলনামূলক কম হলেও বেসরকারি পর্যায়ের খরচ নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে। সরকারি ও বেসরকারি আইসিইউ সহজে পাওয়া যায় না।
২০২৪ সালের জুনে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত ‘হেলথ বুলেটিন ২০২৩’ অনুযায়ী, ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে সরকারি উদ্যোগে মোট ৭২৮টি নতুন আইসিইউ শয্যা স্থাপন করা হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে আইসিইউ-সম্পর্কিত সর্বশেষ তথ্য এটি। যদিও দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোয় মোট আইসিইউ শয্যা কতটি, তা ওই বুলেটিনে উল্লেখ করা হয়নি।
২০২৩ সালের ২৮ এপ্রিল প্রথম আলোয় ‘২২ জেলায় সরকারিভাবে আইসিইউ সেবা নেই’ শিরোনামের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সারা দেশে সরকারি হাসপাতালে আইসিইউ শয্যা আছে ১ হাজার ১২৬টি। বেসরকারি পর্যায়ে এমন শয্যা আছে আরও প্রায় এক হাজার। হাসপাতালগুলোতে প্রয়োজন হলেও অনেক সময় রোগীকে আইসিইউ সেবা দেওয়া সম্ভব হয় না।
যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সবচেয়ে বড় হাসপাতাল। সেখানেও একই সংকট। হাসপাতালটির আইসিইউ সেবার সঙ্গে সংশ্লিষ্ট এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে গত মাসে প্রথম আলোকে বলেন, আইসিইউর জন্য ১৫০টি আবেদন থাকলে দিনে ২০-৩০ জনকে ভর্তি করা সম্ভব হয়। শুধু এ হাসপাতালে ভর্তি রোগী নয়, মন্ত্রীসহ অনেকের সুপারিশ থাকে বাইরের রোগীকে আইসিইউতে ভর্তি করার জন্য। জনবলসংকট, যন্ত্রপাতি নষ্টের মতো সমস্যা তো আছেই। তিনি বলেন, হাসপাতালে ভর্তি রোগীর ১০ শতাংশের জন্য আইসিইউর ব্যবস্থা রাখতে হয়। এর অর্ধেকও পূরণ করা সম্ভব হচ্ছে না।


