আইপিএল: প্লে-অফে কে কার প্রতিপক্ষ | চ্যানেল আই অনলাইন

আইপিএল: প্লে-অফে কে কার প্রতিপক্ষ | চ্যানেল আই অনলাইন

দেখতে দেখতে শেষ হয়ে গেল আইপিএলের ১৭তম আসরের লিগপর্ব। বাকী কেবল আর চারটি ম্যাচ। প্লে-অফের তিনটি ও ফাইনাল। চারটি দল পা রেখেছে পরের পর্বে। আর আসর শেষ হয়ে গেছে ছয়টি দলের।

২১ মে থেকে গড়াতে চলেছে প্লে-অফের ম্যাচগুলো। এই রাউন্ডে উত্তীর্ণ হয়েছে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান র‌য়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একনজরে দেখে নেয়া যাক কে লড়বে কার সাথে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্লে-অফে একটি এলিমেনেটর ও দুটি কোয়ালিফায়ার ম্যাচ খেলবে দলগুলো। প্রথম কোয়ালিফায়ারে খেলবে শীর্ষ দু’দল। এখানে জয়ী দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে হারা দলটির সাথে। কোয়ালিফায়ারে জয়ী দল দুটি খেলবে ফাইনাল।

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে প্লে-অফে লড়বে কলকাতা। কোয়ালিফায়ারে নাইট রাইডার্সদের প্রতিপক্ষ হিসেবে দৌড়ে এগিয়ে ছিল রাজস্থান। সম্ভাবনা ছিল হায়দরাবাদেরও। লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে সেই সম্ভাবনাকে আরও নিকটবর্তী করে নেয় প্যাট কামিন্সের দল। রাজস্থান-কলকাতার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় লাভই হয়েছে তাদের। রানরেটে রাজস্থানকে পেছনে ফেলে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করে হায়দরাবাদ।

লিগপর্বের শেষম্যাচে কলকাতার প্রতিপক্ষ ছিল রাজস্থান। কেকেআরকে হারাতে পারলে কোয়ালিফায়ার নিশ্চিত হত আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটির। তবে বৃষ্টির কারণে তা আর হয়ে ওঠেনি। এলিমিনেটর ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা।

লিগপর্বের নির্ধারিত ম্যাচগুলো শেষে ৯ জয়, তিন হার ও দুই ড্রয়ে (বৃষ্টির কারণে পরিত্যক্ত) ২০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে কলকাতা। ১৭ পয়েন্ট নিয়ে রানরেটে (০.৪১৪) এগিয়ে দুইয়ে হায়দরাবাদ। রানরেটে (০.২৭৩) পিছিয়ে থেকে তিনে রাজস্থান। ১৪ পয়েন্ট নিয়ে রানরেটে (০.৪৫৯) এগিয়ে থেকে চতুর্থ দল হিসেবে প্লে-অফে লড়বে বেঙ্গালুরু।

বেঙ্গালুরুর সমান পয়েন্ট নিয়ে রানরেটে (০.৩৯২) পিছিয়ে পাঁচে থেকে আসর শেষ করেছে চেন্নাই সুপার কিংস। একই পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস (-০.৩৭৭) ছয়ে এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (-০.৬৬৭) সাতে থেকে বিদায় নিয়েছে। ১২ পয়েন্ট নিয়ে আটে গুজরাট টাইটান্স এবং ১০ পয়েন্ট নিয়ে নয়ে শেষ করেছে পাঞ্জাব কিংস। আর ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের।

মঙ্গলবার আহমেদাবাদে রাত আটটায় গড়াবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। যেখানে মুখোমুখি হবে কলকাতা ও হায়দরাবাদ। একইমাঠে বুধবার এলিমিনেটর ম্যাচে রাজস্থানের মুখোমুখি হবে বেঙ্গালুরু। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার গড়াবে চেন্নাইয়ে। ২৬ মার্চ একইমাঠে ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। প্লে-অফের সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

Scroll to Top