চোটের কারণে আইপিএলের শুরু থেকে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের। অজি তারকার অনুপস্থিতিতে হায়দরাবাদের নেতৃত্ব দেবেন ঈশান কিষাণ।
বুধবার কিষাণকে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেয়ার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই সময়ে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিষেক শর্মা।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে পিঠের নিচের অংশের চোটে ভুগছেন কামিন্স। যে কারণে ভারত ও শ্রীলঙ্কায় গড়ানো টি-টুয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি তারকা পেসার। এবারের বৈশ্বিক আসরের গ্রুপপর্ব থেকে বিদায় নেয় ২০২১ আসরের চ্যাম্পিয়নরা।
সেই চোটের কারণেই হায়দরাবাদ শুরু থেকে তাকে পাচ্ছে না হায়দরাবাদ। তবে কয়টি ম্যাচে খেলতে পারবেন না তিনি, সেটা স্পষ্ট নয়। কামিন্সের নেতৃত্বে ২০২৪ আইপিএলে ফাইনাল খেলেছিল হায়দরাবাদ, আর গত আসরে ষষ্ঠ হয়েছিল দলটি।
২০২৫ আসরের আগে নিলাম থেকে দলে নেয় হায়দরাবাদ। গত আসরে ১৪ ম্যাচে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৩৫৪ রান করেন। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে কিষাণের। এছাড়া ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন তিনি।
আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে হায়দরাবাদ।





