এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হতে চলেছে ২০২৫ আইপিএল আসরের মেগা নিলাম। নিলামে নাম জমা দিয়েছেন দেশি-বিদেশি ১,৫৭৪ ক্রিকেটার। নাম নেই ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসের।
কাজের চাপ কমানো ও ফিটনেস ঠিক রাখতে ২০২৪ আসরে নিজেকে সরিয়ে নিয়েছিলেন স্টোকস। গত আগস্টে হ্যামস্ট্রিং চোটে পড়েন ইংলিশ তারকা। দুমাস ধরে মাঠের বাইরে তিনি। নাম দেননি আইপিএলের মেগা নিলামেও।
আইপিএলের রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) পর্ব শেষ হয়েছে ৩১ অক্টোবর। প্রতিটি দল পরিকল্পনা অনুযায়ী ২-৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারে। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মৌসুমের জন্য রেখে দিয়েছে। নিলামে সবমিলিয়ে আরও ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। আগামী তিন বছরের জন্য কার দল কেমন হবে, সেটাই এখন দেখার।
নিলামে নাম লেখানো ক্রিকেটারদের মধ্যে ১,১৬৫ জন ভারতীয়। বিদেশি রয়েছেন ৪০৯ জন। কোন দেশ থেকে কতজন ক্রিকেটার নাম দিয়েছেন সেই সংখ্যাটি জানিয়েছে বিসিসিআই। তবে তাদের নাম জানায়নি। বাংলাদেশ থেকে আছেন ১৩ ক্রিকেটার।

ভারতের পর সর্বোচ্চ ৯১ জন ক্রিকেটারের নাম দিয়েছে সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়ার ৭৬, ইংল্যান্ডের ৫২, নিউজিল্যান্ডের ৩৯, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সমান ২৯, নেদারল্যান্ডসের ১২ জনের নাম রয়েছে। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ইতালিসহ আইসিসি সহযোগী ও সহকারী দেশগুলোর ক্রিকেটারও উঠবেন নিলামে।

এবারের নিলামের আগে গত আসরে অধিনায়কত্ব করা ভারতের তিন তারকা ক্রিকেটার লোকেশ রাহুল, রিশভ পান্ট, শ্রেয়াস আয়ারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অর্থাৎ তাদের নতুন কোনো দলে দেখা যেতে পারে। মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজের মতো ক্রিকেটাররাও উঠছেন নিলামে।
প্রতি তিন বছর পর আইপিএলের মেগা নিলাম হয়। ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী তিন বছরের জন্য (২০২৫-২৭) নিজেদের স্কোয়াড গঠন করবে সেখান থেকে। বৃহৎ এই নিলাম হয়ে থাকে দু’দিন ব্যাপী। এরমাঝের দুবছর হয় মিনি নিলাম। গত আসরে মিনি নিলাম হলেও আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল। এবার সেটিকে ছাড়িয়ে নতুন ইতিহাস হতে পারে। এ নিয়ে টানা দ্বিতীয়বার বিদেশের মাটিতে হচ্ছে আইপিএলের নিলাম। ২০২৪-এর নিলাম হয়েছিল দুবাইয়ে।



