অধ্যাপক আব্দুর রব: ১৯৯১ সালে আইইউবিএটি প্রতিষ্ঠিত হয়। জন্মতারিখ হিসেবে এটিই দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়।
প্রত্যাশা ছিল যে আইইউবিএটি কাজ করবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি মডেল হিসেবে, যেটা দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। এগিয়ে আসবে বিশ্ববিদ্যালয় স্থাপনে। দেখুন, এখন ১১৪টা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। তাই আমরা বলি, আইইউবিএটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথিকৃৎ। এর প্রতিষ্ঠাতা ড. এম আলিমউল্যা মিয়ানকে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অগ্রদূত বলতে পারেন। কারণ, ওই সময় সার্কভুক্ত কোনো দেশেই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল না। বিকল্প সুযোগ তৈরি করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য যেন গুণী, মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পায়।
গবেষণামূলক উচ্চমানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার প্রত্যাশাও অনেকটা পূরণ হয়েছে। কিউএস র্যাঙ্কিং ২০২৫ অনুযায়ী দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমরা পঞ্চম। এটা মানসম্মত শিক্ষার স্বীকৃতি। ছাত্র, শিক্ষক, পরীক্ষাগার, গবেষণা ইনস্টিটিউট, আইইউবিএটি ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ সেন্টার (আইআইইসি) এবং আরও বেশ কিছু সেন্টার এখানে রয়েছে।
তবে প্রত্যাশা কিন্তু বদলাচ্ছে। প্রতি পাঁচ বছরে আমরা একটা কৌশলগত পরিকল্পনা করি। ২০২১ থেকে ২০২৫, আবার ২০২৬ থেকে ২০৩০। অর্থাৎ প্রত্যাশাগুলো পুনঃস্থাপন করছি।



