অ্যানফিল্ডে ম্যানসিটিকে নাস্তানাবুদ করে জিতল লিভারপুল | চ্যানেল আই অনলাইন

অ্যানফিল্ডে ম্যানসিটিকে নাস্তানাবুদ করে জিতল লিভারপুল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে টিকে থাকার ম্যাচে লিভারপুলের কাছে নাস্তানাবুদ হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে কোডি গ্যাপকো ও দ্বিতীয়ার্ধে মো. সালাহর পেনাল্টিতে ২-০ গোলের সহজ জয় পেয়েছে অলরেডরা। এ জয়ে দুইয়ে থাকা আর্সেনাল থেকে ৯ পয়েন্ট এগিয়ে গেল লিভারপুল। 

ঘরের মাঠ অ্যানফিল্ডে সিটিকে পেয়ে আক্রমণের বেসাতি সাজিয়েছিল লিভারপুল। এগিয়ে যেতে খুব একটা সময় নেয়নি অলরেডরা, ১২ মিনিটে রাইট উইং থেকে মো. সালাহর লম্বা ক্রসে লেফট উইংয়ে গোল করেন কোডি গ্যাপকো। ম্যাচের প্রথম ১৫ মিনিট লিভারপুলের কাছে ম্যানসিটিকে খুঁজে পাওয়া যায়নি।

প্রথমার্ধে গার্দিওলার শিষ্যদের পাত্তাই দেয়নি লিভারপুল। এ সময় লিভারপুল ১০ শট নিলেও বিপরীতে মাত্র একটি শট নিতে পারে ফোডেন-হালান্ডরা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল আর্নে স্লটের শিষ্যরা। পুরো ম্যাচে সিটি গোল মুখে শট নিতে পেরেছে মাত্র দুটি, বিপরীতে লিভারপুল নিয়েছে সাতটি শট।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য দারুণ চেষ্টা করেছিল ম্যানসিটি, তবে লিভারপুলের রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৭৮ মিনিটে গোলকিপার স্টেফান ওর্তেগার ভুলে পেনাল্টি থেকে গোল করেন মো. সালাহ। ৮২ মিনিটে ভার্জিল ভ্যান ডাইকের ভুলে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি বদলি নামা কেভিন ডি ব্রুইনা।

GOVT

ম্যানচেস্টার সিটির এ হারে প্রিমিয়ার লিগে টানা চার হারসহ সবশেষ সাত ম্যাচের ছয়টিতে হেরেছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে ফেয়নর্ডের বিপক্ষে ৩ গোলে এগিয়ে থেকেও ড্র করেছিল ম্যাচটিতে।

ম্যানচেস্টার সিটির বিপক্ষের এ জয়ে টেবিলে নিজেদের অবস্থান আরও পোক্ত করলো লিভারপুল। ১৩ ম্যাচে ১১ জয়, এক ড্র ও এক হারে ৩৪ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান সবার শীর্ষে। সমান ম্যাচে ছয় জয় ও চার হারে ২৩ পয়েন্টে টেবিলের পাঁচে গার্দিওলার শিষ্যরা।

Chokroanimation

Scroll to Top