অসম বিয়ে বললে আপত্তি লাগে: আলিয়া ভাট

ভালোবেসে ঘর বেঁধেছেন বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। কিন্তু রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছে আলিয়াকে। অনেকে এটিকে ‘অসম বিয়ে’ বলেও মন্তব্য করেছেন। কিন্তু মানুষের এ ধরনের ব্যাখ্যা-বিশ্লেষণ শুনতে নারাজ এই অভিনেত্রী।

আলিয়া-রণবীর

‘টাইম’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ধরনের মন্তব্যকে ‘আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি রণবীরের সঙ্গে তার সম্পর্কের প্রকৃত সমীকরণ নিয়েও নিজের ভাবনা তুলে ধরেছেন এই অভিনেত্রী।

আলিয়া ভাট বলেন, “আমি এমন একজন মানুষ, যে সব সময় নারীদের পক্ষে কথা বলে এসেছি। নারীদের মন ও হৃদয়ের কথা বুঝতে এবং নিজেদের সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছি। অথচ আমাকে এমন একজনে পরিণত করা হয়েছে, যে সেই কাল্পনিক পরিস্থিতিতে কষ্ট পাচ্ছে, অসুখী জীবনযাপন করছে, এটা অত্যন্ত আপত্তিকর।”

রণবীরের সঙ্গে সম্পর্কের ভিত্তি কী, তাও ব্যাখ্যা করেছেন আলিয়া ভাট। তার ভাষায়, “যেকোনো সম্পর্কের মূল ভিত্তি হলো—যখন কোনো বাড়তি প্রচেষ্টা ছাড়াই অন্যজন আপনাকে বুঝতে পারেন, কিছু না বললেও আপনার কথা শুনতে পান; আমার ক্ষেত্রে রণবীর ঠিক এমনই একজন, আর এটাই আমাদের বাস্তবতা।”

বহু বছর ধরে এই তারকা দম্পতির সম্পর্ক নিয়ে মানুষ নানা ধরনের আলোচনা করছে। এমনকি, পরস্পরকে নিয়ে তাদের সাধারণ মন্তব্যও প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।

রণবীরের সঙ্গে সম্পর্কের ধরন নিয়ে এবারই প্রথম মুখ খুললেননি আলিয়া ভাট। গত বছর কাজল ও টুইঙ্কেল খান্না সঞ্চালিত ‘টু মাচ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। আলিয়ার কথায়, “রণবীর আর আমার মধ্যে খুব স্বাভাবিক একটা বন্ধুত্ব রয়েছে। তাই আমাদের সম্পর্ক কখনো গোলাপি চশমায় দেখা কোনো রোমান্টিক সম্পর্কের মতো ছিল না। বরং সব সময়ই আমাদের সম্পর্কটা ছিল দুজন সেরা বন্ধুর মতো।”

খুনসুটি, পরস্পরকে বিরক্ত করা বা মজা করার বিষয়টিও তাদের সম্পর্কের স্বাভাবিক অংশ বলে জানিয়েছিলেন আলিয়া। তার ভাষায়, “আমি যাকে সবচেয়ে বেশি খোঁচাতে বা মজা করে বিরক্ত করতে ভালোবাসি, সে হলো রণবীর। আর রণবীরও আমাকে খোঁচাতেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমার মনে হয়, দুজন মানুষের মধ্যে এটাই খুব স্বাভাবিক একটা সম্পর্কের সমীকরণ।”

কেন রণবীরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, সে বিষয়েও ইঙ্গিত দেন আলিয়া। এ অভিনেত্রী জানিয়েছিলেন, রণবীর এমন একজন মানুষ, যাকে গভীরভাবে শ্রদ্ধা করেন আলিয়া। আর রণবীর তার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেন।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০২৩ সালের ৬ নভেম্বর কন্যাসন্তান জন্ম দেন আলিয়া।

Scroll to Top