অর্ধেকে নেমে গেল মরিনহোর শাস্তি | চ্যানেল আই অনলাইন

অর্ধেকে নেমে গেল মরিনহোর শাস্তি | চ্যানেল আই অনলাইন

গ্যালাতাসারাইয়ের বিপক্ষে তুর্কি রেফারিদের নিয়ে করা হোসে মরিনহোর মন্তব্যে জল গড়িয়েছে অনেকদূর। প্রতিপক্ষ গ্যালাতাসারাই মরিনহোর বিরুদ্ধে বর্ণবাদ এবং তুর্কি জনগোষ্ঠির অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে মামলা করার হুমকি দিয়েছিল। ক্লাবটি উয়েফা ও ফিফার কাছে পর্তুগিজ কোচের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। মাঝে নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয় মরিনহোকে। কিন্তু তার ক্লাব ফেনেরবাচের আপিলের প্রেক্ষিতে শাস্তি কমেছে মরিনহোর।

ইস্তাম্বুল প্রতিদ্বন্দ্বী গ্যালাতাসারাইয়ের মাঠে ম্যাচ শেষে তুর্কি রেফারিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় পর্তুগিজ কোচকে চার ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি জরিমানা করেছিল তুরস্কের ফেডারেশন। মরিনহোকে ১৬ লাখ ১৭ হাজার লিরা জরিমানা করা হয়, যা প্রায় ৪৪ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫৩ লাখ টাকার বেশি।

তার ক্লাবের আপিলের প্রেক্ষিতে জরিমানার পরিমাণ কমেছে। নতুন শাস্তি অনুযায়ী ৫ লাখ ৫৮ হাজার ৫০০ লিরা জরিমানা দিতে হয়েছে মরিনহোকে। যা বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ৬২ হাজার টাকা। সঙ্গে চার মাসের নিষেধাজ্ঞা কমিয়ে অর্ধেক করা হয়েছে।

বর্ণবাদ বিতর্কে কোচের পাশে থাকার ঘোষণা আগেই দিয়েছিল ফেনেরবাচ। মামলার হুমকি ও জরিমানার পর অবশ্য মরিনহো দমে যাননি, ‘ব্যক্তিগত অধিকারের উপর আঘাত’ করায় গ্যালাতাসারাই ক্লাবের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছেন তিনি। ১৯ লাখ ৭ হাজার লিরা ‘নৈতিক ক্ষতিপূরণের’ মামলা করেছেন।

গত সোমবার টার্কিশ ফুটবল লিগের ক্লাব গ্যালাতাসারাইয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে ফেনেরবাচ। হাইভোল্টেজ ম্যাচের লড়াই শেষে ওঠে বিতর্ক। নিজ দলের ডিফেন্ডার আকচিচেক সম্পর্কে বলতে গিয়ে স্লোভেনিয়ান রেফারির প্রসঙ্গ টেনে মরিনহো বলেছিলেন, ‘অবশ্যই রেফারিকে ধন্যবাদ দিতে চাই। প্রথম মিনিটে প্রতিপক্ষের একজন ডাইভ দেয়ার পর তাদের বেঞ্চের সদস্যরা বানরের মতো লাফালাফি করেছে। টার্কিশ রেফারি হলে প্রথম মিনিটেই আমাদের হলুদ কার্ড দেখানো হতো এবং আমাকে পাঁচ মিনিট পরই তাকে বদলি করে ফেলতে হতো।’

‘‘আমি ম্যাচ শেষে ড্রেসিংরুমে রেফারির সঙ্গে দেখা করেছি। সেখানে চতুর্থ রেফারিও ছিল, যে একজন টার্কিশ। তাকে (বেনচিচ) বড় এই ম্যাচে দায়িত্ব পালন করতে আসার জন্য ধন্যবাদ জানিয়েছি। এরপর চতুর্থ রেফারিকে বলেছি, ‘যদি তুমি এই ম্যাচে রেফারি থাকতে, তবে বিপর্যয় হয়ে যেত।’’

ফেনেরবাচের মাঠে গ্যালাতাসারাইয়ের বেঞ্চে থাকা সদস্যরা ‘বানরের মতো লাফালাফি করেছে’। ক্লাব ফেনেরবাচের কোচের এমন মন্তব্যকে ‘বর্ণবাদী’ আচরণ বলা হয়েছে এবং মরিনহোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিল ক্লাবটি।

Scroll to Top