এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার ষড়যন্ত্রে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত বলে কানাডার অভিযোগকে প্রত্যাখ্যান করেছে ভারত। এই অভিযোগকে ‘অযৌক্তিক এবং ভিত্তিহীন’ দাবি করে শুক্রবার (১ নভেম্বর) দিল্লিতে নিযুক্ত কানাডার এক কূটনীতিককে তলব করে ভারত।
শনিবার (২ নভেম্বর) এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শুক্রবার কানাডিয়ান হাইকমিশনের একজন প্রতিনিধিকে তলব করা হয় এবং কূটনৈতিক নোট হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, নোটে জানানো হয়েছে, কানাডার উপমন্ত্রী ডেভিড মরিসনের কমিটির কাছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোলা অযৌক্তিক এবং ভিত্তিহীন অভিযোগের কঠোর প্রতিবাদ জানায় ভারত সরকার।’

অমিত শাহর বিরুদ্ধে তোলা কানাডার অভিযোগের বিষয়ে প্রথমে সংবাদ পরিবেশন করেছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। কানাডার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন এক পার্লামেন্টারি প্যানেলে বলেছেন, তিনি মার্কিনভিত্তিক সংবাদপত্রকে বলেছেন যে অমিত শাহ এই চক্রান্তের পিছনে ছিলেন।

এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা প্রমাণ করে যে, উচ্চপদস্থ কানাডীয় কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমে ভিত্তিহীন দাবি ফাঁস করেছেন। জয়সওয়াল সতর্ক করে দিয়ে বলেছেন, এই ধরনের পদক্ষেপ ভারত ও কানাডার সম্পর্কের জন্য ‘গুরুতর পরিণতি’ ডেকে আনবে।
কানাডার ন্যাশনাল সাইবার থ্রেট অ্যাসেসমেন্টে চীন, উত্তর কোরিয়া, রাশিয়া এবং ইরানের পাশাপাশি ভারতকে ‘প্রতিপক্ষ’ হিসেবে নাম দিয়েছে এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় রণধীর জয়সওয়াল বলেন, এটি প্রমাণ ছাড়াই অভিযোগের আরেকটি উদাহরণ।
তিনি আরও বলেন, ভারতের কিছু কনস্যুলার কর্মকর্তাকে কানাডিয়ান সরকার অবহিত করেছে যে তারা নজরদারির মধ্যে রয়েছে, যা কূটনৈতিক কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন।




