অভিবাসন মোকাবিলায় ইতালি ও ডেনমার্কের প্রধানমন্ত্রীদের যৌথ হুঁশিয়ারি – DesheBideshe



রোম, ১১ আগস্ট – ইউরোপে অভিবাসন সংকট মোকাবিলায় নজিরবিহীন সতর্কবার্তা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। রাজনৈতিকভাবে ভিন্ন আদর্শের দুই নেতা এক যৌথ বিবৃতিতে অনিয়ন্ত্রিত অভিবাসন ঠেকাতে ঐক্যবদ্ধ অবস্থানের ঘোষণা দিয়েছেন।

তাদের এই বিবৃতি ইউরোপের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। সোমবার এক বিবৃতিতে দুই দেশের প্রধানমন্ত্রী জানান যে অনিয়ন্ত্রিত অভিবাসনের কারণে ইউরোপীয় সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে এবং একই সঙ্গে অপরাধের ঝুঁকি বাড়ছে।

তারা মনে করেন এর ফলে সরকারি সেবার ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে এবং নাগরিকদের মধ্যে সরকারের প্রতি অনাস্থা তৈরি হচ্ছে। ইতালির ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালির নেতা মেলোনি এবং ডেনমার্কের সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতা ফ্রেডেরিকসেন ভিন্ন রাজনৈতিক ঘরানার হওয়া সত্ত্বেও ইউরোপের মূল্যবোধ রক্ষায় একমত হয়েছেন।

বিবৃতিতে তারা ইউরোপীয় ইউনিয়নের সীমানার বাইরে রিটার্ন সেন্টার বা অভিবাসী ফেরত কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছেন। বিশেষ করে কোনো অভিবাসী সহিংস অপরাধ বা মাদক ব্যবসায় জড়ালে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানান তারা।

সম্প্রতি মরক্কো থেকে স্পেনের সেউতায় বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশের ঘটনা এই বিতর্ককে আরও জোরালো করেছে। ইউরোপীয় পার্লামেন্টের নেতা ম্যানফ্রেড ভেবারও আফ্রিকার মতো অঞ্চলে দ্রুত রিটার্ন হাব স্থাপনের প্রস্তাব সমর্থন করেছেন।

তবে মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক এই পরিকল্পনার সমালোচনা করেছেন। তাদের মতে ইইউ সদস্যদেশগুলো তাদের মানবাধিকার রক্ষার দায়বদ্ধতা অন্য দেশের ওপর চাপিয়ে দিতে পারে না।

এস এম/ ১১ আগস্ট ২০২৬



Scroll to Top