ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত সরকার। এ বিষয়ে বাংলাদেশের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার অভিযোগও তুলেছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনকে পাঠানো এক নোট ভারবালে জানিয়েছে, অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাতে ভারত সরকার যে পদক্ষেপ নিচ্ছে, তা দেশটির আইন, বিধি এবং বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থার আওতায় নেওয়া হচ্ছে।
নোটে বলা হয়, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ভারত ২ হাজার ৮৬২ জন অবৈধ বাংলাদেশির নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশের সহযোগিতা চেয়ে আসছে। তবে বাংলাদেশ এখন পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা দেয়নি এবং বিভিন্ন অজুহাতে যাচাই প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে। এসব মামলার কিছু পাঁচ বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে বলেও দাবি করেছে ভারত।
ভারত আরও জানিয়েছে, এ সময়ের মধ্যে নাগরিকত্ব যাচাইয়ের অনুরোধ জানিয়ে ১ হাজার ১৩৭টি নোট ভারবাল এবং ৪৫৬টি সমন্বিত অনুস্মারক পাঠানো হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই কার্যকর কোনো জবাব পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়েছে।
এ অবস্থায় বাংলাদেশ কর্তৃপক্ষকে নাগরিকত্ব যাচাই এবং ভারতে থাকা সব অবৈধ বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসনের বিষয়ে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশে পাঠানো ওই নোট ভারবালে ভারত সরকার বাংলাদেশের প্রতি সর্বোচ্চ সম্মান ও বিবেচনার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে।





