
ঢাকা, ০২ ফেব্রুয়ারি – রাজধানীতে অফিস, আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ এই ধরনের প্রতিষ্ঠানের ১০০ মিটার এলাকা ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হবে।
নিয়ম অনুযায়ী, হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা ৩ মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে। আইন আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিবালয় এলাকায় হর্ন বাজানোর ক্ষেত্রে ডিএমপির ট্রাফিক বিভাগ সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেবে। একই সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বিআরটিএ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করবে।
ডিএমপি সব সরকারি ও বেসরকারি গাড়ির চালককে অনুরোধ করেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী নীরব এলাকা রক্ষায় সহযোগিতা করতে।
এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬





