অপহরণের ভুয়া নাটক সাজিয়ে কম্বোডিয়ায় জেল খাটার পর তাইওয়ানে ফিরতেই বিমানবন্দরের রানওয়ে থেকে আলোচিত দুই ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে।
তাইওয়ানের সংবাদ সংস্থা ‘তাইওয়ান ফোকাস’-এর এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার রাতে তাইওয়ানের তাওয়ুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে আলোচিত তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলে, চেন নেং-চুয়ান (যিনি ‘গুডনাইট চিকেন’ নামে পরিচিত) এবং লু সু-হসিয়েন (যিনি ‘অ্যানো’ নামে পরিচিত)।
বিনোদনের নামে ভুয়া ভিডিও তৈরি ও প্রতারণার দায়ে তাইপের শিলিন, কিনমেন ও মিয়াওলির প্রসিকিউটররা দীর্ঘদিন ধরে তাদের খুঁজছিলেন। তাদের বিরুদ্ধে স্বাধীনতায় বাধা প্রদান ও প্রতারণাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিনোদনের নামে সামাজিক অস্থিরতা ছড়ানোর এই পরিণাম এখন সোশ্যাল মিডিয়ায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
২০২৪ সালের শুরু থেকেই চেন নেং-চুয়ান তার ভিডিওর জন্য বেশ আলোচিত হন। গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি ইউটিউবে একটি লাইভস্ট্রিম করেন তিনি। সেখানে দেখা যায়, সহযোগী লু সু-হসিয়েনের সাহায্যে তিনি একটি অপহরণের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। তদন্তে নেমে পুলিশ একটি অ্যাপার্টমেন্ট থেকে অপহরণ নাটকে ব্যবহৃত সরঞ্জামসহ তাদের হাতেনাতে ধরে ফেলে। এরপর কম্বোডিয়ার আদালত ‘সামাজিক বিশৃঙ্খলায় উসকানি’ দেওয়ার দায়ে তাদের দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।
কম্বোডিয়ায় সাজা ভোগের পর দেশে ফিরতেই পুলিশের জালে আটকা পড়েন তারা। বিমানবন্দরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হেফাজতে থাকাকালীন চেন নেং-চুয়ান সংক্ষিপ্ত বক্তব্যে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন।




