
চট্টগ্রাম, ৬ মার্চ – সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন যে আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের অপরাধের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতিতে অটুট থাকবে।
অপরাধ করে কেউ পার পাবে না এবং সব অপরাধীকে আইনের আওতায় আসতে হবে। শুক্রবার ৬ মার্চ চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে ইফতার পরবর্তী সময়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন জননেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করবে। তার যে উন্নত ধ্যান-ধারণা রয়েছে সেই আলোকে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সরকারের স্থিতিশীলতার জন্য আইন-শৃঙ্খলা স্থিতিশীল থাকতে হবে আর আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে সব ধরনের অপরাধের বিষয়ে সরকারের জিরো টলারেন্স থাকবে।
ইফতার পূর্ব আলোচনাসভায় বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপি নেতৃবৃন্দ। চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাদের সন্তান আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় বক্তারা বলেন দীর্ঘ দেড় যুগ ইফতার আয়োজন করার কিংবা অংশ নেওয়া ছিল এক প্রকার নিষিদ্ধ এবং নেতাকর্মীদের হামলা ও মামলা বা গ্রেপ্তার আতঙ্কে থাকতে হতো।
গত বছর পর্যন্ত ইনডোরে ইফতার আয়োজন করতে হয়েছে অথচ বিএনপির মতো গণমানুষের একটি দল একসঙ্গে এত বিশাল আয়োজন করার অনুমতি দেওয়া হতো না।
এম ম/ ৬ মার্চ ২০২৬





