বার্সেলোনা থেকেই কোচিং ক্যারিয়ারের ইতি টানতে চান হ্যান্সি ফ্লিক। জানালেন, অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না তিনি। বার্সেলোনাই হবে তার শেষ ক্লাব, এখানে কোচিং করানোই হবে শেষ কাজ।
জাভি হার্নান্দেজের পর বার্সোলোনার ডাগআউটের দায়িত্ব নেন ফ্লিক। তার অধীনে ছন্দে ফিরেছে কাতালান ক্লাবটি। জার্মান কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ভাবছে বার্সা। তবে ফ্লিক তাড়াহুড়ো করছেন না, পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত চূড়ান্ত করতে চান তিনি।
এর আগে গত রোববার বিপুল ভোটে এগিয়ে বার্সেলোনার সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন হোয়ান লাপোর্তা। এরপর ঘোষণা করেন, ‘হান্সি ফ্লিককে কোচ হিসেবে আরও লম্বা সময় ক্লাবে চান তিনি।’
আগামী বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সা। তার আগের দিন কাতালান ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে ফ্লিক জানান, বার্সলোনাই হবে তার শেষ।
তিনি বলেন, ‘আমার মনে হয় না, (চুক্তি) নবায়ন নিয়ে কথা বলার এটা সঠিক সময়। আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে। সবাই জানে, আমি এখানে খুব সুখী। তবে পরিবারের সঙ্গে আমার কথা বলতে হবে। পরেও এটা নিয়ে কথা বলা যাবে, এখন এটা নিয়ে কথা বলার সময় নয়।’
‘এটা পরিষ্কার যে, এখানে কাজ করতে আমি ভালোবাসি। সবচেয়ে বড় ব্যাপার যে, আমি অনুভব করি এখানে আমার দারুণ একটি পরিবার আছে। আমার প্রতি বার্সেলোনার সমর্থন আছে। তবে এটা ফুটবল। আমি এখানে আছি ওদের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করার জন্য। তবে এখনও সময় আছে। আমি অন্য কোথাও যাওয়ার কথা ভাবছি না। এটাই হবে আমার শেষ ক্লাব, আমার শেষ কাজ এবং আমি এখানে খুশি।’




