অনুশীলনে ফিরলেন নেইমার, স্বস্তি ফিরল ব্রাজিল শিবিরে – DesheBideshe

অনুশীলনে ফিরলেন নেইমার, স্বস্তি ফিরল ব্রাজিল শিবিরে – DesheBideshe


অনুশীলনে ফিরলেন নেইমার, স্বস্তি ফিরল ব্রাজিল শিবিরে – DesheBideshe

ব্রাসেলস, ১৭ জুন – ব্রাজিল জাতীয় ফুটবল দলের জন্য অবশেষে সুসংবাদ নিয়ে এলেন তারকা ফরোয়ার্ড নেইমার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দলের সঙ্গে পুনরায় অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই মহাতারকার মাঠে ফেরা ব্রাজিল শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছে।

তবে অনুশীলনে ফিরলেও নেইমার ঠিক কবে নাগাদ প্রতিযোগিতামূলক ম্যাচে মূল একাদশে ফিরবেন, তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর গত মঙ্গলবার প্রথমবারের মতো দলীয় অনুশীলনে অংশ নেন নেইমার।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, প্রধান কোচ কার্লো আনচেলত্তির কোচিং স্টাফের তত্ত্বাবধানে ফিটনেস পুনরুদ্ধারের কাজ করছেন এই অভিজ্ঞ ফুটবলার। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসলের চোটে পড়েছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এই চোটের কারণে প্রায় এক মাস ধরে তিনি মাঠের বাইরে ছিলেন। নেইমার অনুশীলনে ফেরায় দলের মাঝে আত্মবিশ্বাস বাড়লেও তাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। মূলত টুর্নামেন্টের নকআউট পর্ব থেকে তার পূর্ণ সেবা পাওয়ার ব্যাপারে আশাবাদী সেলেসাওরা।

গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে আগামী শনিবার হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা। এর আগে কোচ আনচেলত্তি নেইমারের দ্রুত প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। মাঠের অনুশীলনে ফেরার মাধ্যমে কোচের সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিতে শুরু করেছে।

উল্লেখ্য যে, ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মারাত্মক চোট পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে এই ব্রাজিলিয়ান পোস্টার বয়কে। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি।

এস এম/ ১৭ জুন ২০২৬



Scroll to Top