
টালাহাসি, ১৯ মার্চ – বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে ৯০০তম গোলের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে তার এই ব্যক্তিগত অর্জনের দিনে দল ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিয়েছে।
ন্যাশভিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর অ্যাওয়ে গোলের নিয়মে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। ১৮ মার্চ বুধবার ম্যাচের মাত্র সপ্তম মিনিটে গোল করে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মিয়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। তবে ৭৪তম মিনিটে ন্যাশভিলের হয়ে ক্রিস্টিনা এসপিনোজা সমতাসূচক গোলটি করেন। এর ফলে দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ১-১।
ম্যাচের বাকি সময়ে মিয়ামিকে আটকে রেখে টেনেসির দলটি অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেয়। মেসির গোলের পর ম্যাচটি একটি বড় উদযাপনের উপলক্ষ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা মিয়ামির জন্য চরম হতাশার হয়ে দাঁড়ায়।
ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে এটি ছিল ক্লাবটির শেষ ম্যাচ। ২০২৩ সালে ফ্লোরিডার এই ক্লাবে যোগ দেওয়ার পর থেকে মেজর লিগ সকার বা এমএলএস চ্যাম্পিয়নদের হয়ে মেসির মোট গোলসংখ্যা এখন ৮১টি। আটবারের ব্যালন ডি অর জয়ী এই ফরোয়ার্ড কাতালান জায়ান্ট বার্সেলোনার হয়ে ৬৭২টি, ফরাসি ক্লাব পিএসজির হয়ে ৩২টি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১১৫টি আন্তর্জাতিক গোল করেছেন।
তার এই ৯০০তম গোলটি আসে পেশাদার ফুটবলে প্রথম গোলের প্রায় ২১ বছর পর। ২০০৫ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে আলবাসেতের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে তিনি নিজের প্রথম গোলটি করেছিলেন।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হলেও মেসি এখনো তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে গোলের পরিসংখ্যানে পেছনে ফেলতে পারেননি। পর্তুগিজ তারকা রোনালদোর বর্তমান ক্যারিয়ার গোলসংখ্যা ৯৬৫টি।
এ এম/ ১৯ মার্চ ২০২৬





