রাজধানীতে দেশের বিনোদন অঙ্গনে নতুন উদ্যোগের বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো ‘নতুনধারা প্রেজেন্স ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬’-এর অ্যাওয়ার্ড উন্মোচন ও প্রেসমিট।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর অভিজাত হোটেল ‘দ্য ওয়েস্টিন ঢাকা’-য় আয়োজিত এ অনুষ্ঠানে শোবিজ অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রের শতাধিক পরিচিত তারকার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বাইফার চেয়ারম্যান মেরিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের বক্তব্য দেন অ্যাডভাইজার মো. মানসুরুল হক, ডিরেক্টর অন্তু করিম এবং মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম।
এছাড়াও জুরি বোর্ডের তারকা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা আজিজুল হাকিম, সংগীতশিল্পী ফেরদৌস আরা, চিত্রনায়িকা রোজিনা এবং চলচ্চিত্র নির্মাতা দীপংকর দীপন।
বক্তারা বলেন, এবারের আয়োজন শুধুমাত্র পুরস্কার প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দেশের বিনোদন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই এর মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বাইফার প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার স্বপন জানান, আগামী ৮ মে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ অনুষ্ঠিত হবে বাইফার পঞ্চম আসর। তিনি এ সময় আয়োজনের পরিকল্পনা ও থিম সম্পর্কেও সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন।




