খেলাধুলাকে কেবল শখ বা বিনোদন নয়, বরং একটি মর্যাদাপূর্ণ ‘পেশা’ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া খেলোয়াড়দের সংবর্ধনার আয়োজন করা হয়।
বিএনপির নির্বাচনী ইশতেহারের হিসেবে এ কার্যক্রমের শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ কার্যক্রমে আরও ৫০০ জন ক্রীড়াবিদকে আগামী সাত দিনের মধ্যে অন্তর্ভুক্ত করা হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার বক্তব্যে জানান, ‘আজকে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে আরও ৫০০ জন ক্রীড়াবিদকে ভাতার অর্ন্তভূক্ত করব, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় সাফল্য অর্জনকারী ১২৯ জন ক্রীড়াবিদকে মোট ২ কোটি ৪৪ লক্ষ টাকার বিশেষ সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করেন। একই সাথে তাদের হাতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে জানান, ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ‘ক্রীড়া কার্ড’ একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। তৃণমূল পর্যায়ে ক্রীড়া শিক্ষা প্রসারে দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার ও শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।





