ভারতের মুম্বাইয়ের মাতুঙ্গা পশ্চিমের বাসিন্দা ৭২ বছরের ভরত হরকচাঁদ শাহ ৪ বছর ধরে চালানো একটি ট্রেডিং জালিয়াতির শিকার হয়ে ৩৫ কোটি রুপি হারিয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি জানান, গ্লোব ক্যাপিটাল মার্কেটস লিমিটেড তার স্ত্রীর অ্যাকাউন্ট ব্যবহার করে অনুমতি ছাড়াই লেনদেন চালিয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভরত হরকচাঁদ শাহ ও তার স্ত্রী উত্তরাধিকারসূত্রে পাওয়া শেয়ার ২০২০ সালে এক বন্ধুর পরামর্শে ওই ব্রোকারেজ প্রতিষ্ঠানে জমা দেন। এরপর প্রতিষ্ঠানটির দুই কর্মী অক্ষয় বারিয়া ও করণ সিরোয়া তার ‘পোর্টফোলিও ম্যানেজারের’ ভূমিকায় তার ওটিপি, ইমেইলসহ সব তথ্য নিজেদের নিয়ন্ত্রণে নেয়। নিয়মিত লাভ দেখানো ভুয়া স্টেটমেন্ট পাঠানোয় শাহ কোনো অসঙ্গতি টের পাননি।
জালিয়াতি ধরা পড়ে ২০২৪ সালের জুলাইয়ে, যখন কোম্পানির রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ জানায় তার এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে ৩৫ কোটি রুপির ডেবিট রয়েছে। পরে তিনি জানতে পারেন, ব্যাপক অননুমোদিত ট্রেডিং, শেয়ার বিক্রি ও ‘সার্কুলার ট্রেড’-এর মাধ্যমে অ্যাকাউন্টে বিশাল ক্ষতি হয়েছে।
শাহ শেষ পর্যন্ত বাকি শেয়ার বিক্রি করে পুরো অর্থ পরিশোধ করেন এবং প্রকৃত ট্রেডিং হিসাব যাচাই করে জালিয়াতির পরিসর জানতে পারেন। তিনি এটিকে “সুশৃঙ্খল আর্থিক প্রতারণা” বলে উল্লেখ করে বনরাই থানা এলাকায় মামলা দায়ের করেছেন। মামলাটি এখন মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)-এর তদন্তাধীন।




