এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বয়স প্রায় ৩৯ ছুঁই ছুঁই। লাল বলের ক্রিকেটে পাকিস্তানের দ্বিতীয় সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদির। সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেকেই প্রথম ইনিংসে রাওয়ালপিন্ডিতে তুলে নিয়েছেন ৫ উইকেট। রেকর্ড গড়েছেন টেস্টে সচেয়ে বেশি বয়সী বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট নেয়ার।
আসিফ আফ্রিদি সফরকারী প্রোটিয়াদের বিপক্ষে রেকর্ডটি গড়েছেন ৩৮ বছর ৩০১ দিনে। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে তিনি ভাঙেন ৯২ বছর আগের এক রেকর্ড।
সবচেয়ে বেশি বয়সী বোলার হিসেবে আগের রেকর্ডে ১৯৩৩ সালে ইংলিশ স্পিনার চার্লস মেরিয়ট নিয়েছিলেন অভিষেকে প্রথম ইনিংসে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওভালে রেকর্ডটি গড়ার সময় তার বয়স ছিল ৩৭ বছর ৩৩২ দিন।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে গেলে ৩৩৩ রানে প্রথম ইনিংস থামে স্বাগতিকদের। পরে আসিফ আফ্রিদির নেয়া পাঁচ উইকেট প্রোটিয়াদের বড় সংগ্রহে বাধা হয়।
দ্বিতীয় দিনে ত্রিস্তান স্টাবস ও টনি ডে জর্জিকে ফেরান আসিফ। ১০০ রানের জুটি গড়া দুজনের মধ্যে প্রথমে স্টাবসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান ৭৬ রানে। টনিকেও লেগ বিফোরে আউট করে ফেরান ৫৫ রানে। তৃতীয় দিনে তিনি নেন আরও ৩ উইকেট।
প্রোটিয়ারা প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩১৮ রানে ব্যাট করছে। সাউথ আফ্রিকা তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যাট করছে।






