আগামীকাল মঙ্গলবার (২ জুন) থেকে ১১ জুন বৃহস্পতিবার পর্যন্ত কুতুবদিয়া ও কক্সবাজার উপকূলবর্তী আকাশসীমায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা করবে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান। এসময় সংশ্লিষ্ট ফায়ারিং রেঞ্জ এলাকা এড়িয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য বিমান, জাহাজ, ছোট নৌযান ও স্থানীয় জনসাধারণকে সতর্ক করা হয়েছে।
বিমান সদর দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন (ছুটির দিনসহ) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ ভিজিডি-২ এবং কক্সবাজার ফায়ারিং রেঞ্জ ভিজিডি-৪৩ এলাকায় আকাশে তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিজিডি-২ রেঞ্জের বিপজ্জনক উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ হাজার ফুট এবং ভিজিডি-৪৩ রেঞ্জের বিপজ্জনক উচ্চতা ২৬ হাজার ফুট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময়সীমায় সংশ্লিষ্ট জলসীমা ও আকাশসীমায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিমান বাহিনী জানিয়েছে, মহড়া চলাকালে বিমান, জাহাজ, ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য ছোট নৌযানকে গোলা বর্ষণের নির্ধারিত এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। একইসঙ্গে কুতুবদিয়া দ্বীপ সংলগ্ন এলাকার জনসাধারণকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে বিমান সদর দপ্তরের পক্ষ থেকে গণসচেতনতা বৃদ্ধিতে বিশেষ প্রচার কার্যক্রম চালানোর অনুরোধ জানানো হয়েছে। এর অংশ হিসেবে সোমবার ১ জুন থেকে ১১ জুন বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্র এবং বেসরকারি টেলিভিশনগুলোকে বাংলা, ইংরেজি ও স্থানীয় সংবাদের আগে প্রতিদিন অন্তত দুইবার বিপজ্জনক এলাকার মানচিত্রসহ সতর্কতামূলক ঘোষণা প্রচারের অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ বেতারের ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রকে একই সময়ের মধ্যে প্রতিদিন সকাল ও বিকাল/সন্ধ্যার অধিবেশনে অন্তত দুইবার বিশেষ সতর্কতামূলক বার্তা প্রচারের অনুরোধ জানিয়েছে বিমান সদর দপ্তর।
বিমান বাহিনীর তথ্যমতে, কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ ভিজিডি-২ এবং কক্সবাজার ফায়ারিং রেঞ্জ ভিজিডি-৪৩ নির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দ্বারা সীমাবদ্ধ থাকবে এবং মহড়াকালীন এসব এলাকায় প্রবেশ ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবে।
জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সময়ে গোলা বর্ষণের নির্ধারিত এলাকা এড়িয়ে চলতে এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।





