২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে থাকা টহল পুলিশের ওপর হামলা চালিয়ে রতন ব্যাপারী (২৯) নামে এক ২৮ মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তার সহযোগী ও স্বজনেরা। এ ঘটনায় এএসআই উজ্জ্বল নামে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রতনকে থানায় নিয়ে যায়।

হামলা

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ড এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রতন চেলোপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে দেশের বিভিন্ন থানায় রতন ব্যাপারীর বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, মঙ্গলবার দুপুরে দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে টহল দেওয়ার সময় কয়েকজনকে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিতে দেখেন পুলিশ সদস্যরা। এ সময় তাদের মধ্য থেকে রতন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার সঙ্গে থাকা লোকজন ও আশপাশে থাকা স্বজনেরা পুলিশের ওপর চড়াও হন এবং রতনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে এএসআই উজ্জ্বল আহত হন।

ওসি বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রতন ব্যাপারীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। আহত এএসআই উজ্জ্বলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Scroll to Top