
ঢাকা, ১৬ মে – দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। আর ঈদ মানেই নারীর টানে বাড়ি ফেরা। ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তির ট্রেন যাত্রা নিশ্চিত করতে আজ শনিবার (১৬ মে) থেকে শুরু হচ্ছে চতুর্থ দিনের অগ্রিম টিকিট বিক্রি। আজ মূলত দেওয়া হচ্ছে ২৬ মে’র ভ্রমণের টিকিট।
স্টেশনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার দিন এখন অতীত। যাত্রীদের দুর্ভোগ কমাতে এবারও রেলওয়ের শতভাগ আসনের টিকিট মিলছে অনলাইনে। তবে সার্ভারের ওপর চাপ কমাতে এবং সাধারণ মানুষের টিকিট পাওয়া নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ সময়সূচিতে এনেছে বড় পরিবর্তন।
আপনার গন্তব্য কোন দিকে, তার ওপর নির্ভর করছে টিকিট কাটার সময়।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী:সকাল ৮টা থেকে: শুরু হয়ে গেছে পশ্চিমাঞ্চলে (খুলনা, রাজশাহী, রংপুর ও সংলগ্ন এলাকা) চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি।
দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলে (চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও সংলগ্ন এলাকা) চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি।
রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে, ২৪ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৪ মে এবং ২৫ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৫ মে। এছাড়া শেষ দিন, ২৭ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৭ মে।
টিকিট কালোবাজারি রুখতে এবং সাধারণ যাত্রীদের অধিকার রক্ষায় রেলওয়ে কিছু কড়া নিয়ম জারি করেছে। একজন যাত্রী আইডি কার্ড ব্যবহার করে ঈদ যাত্রায় সর্বোচ্চ একবারই টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক ৪টি টিকিট নেওয়া যাবে। ঈদের অগ্রিম টিকিট কাটার পর কোনোভাবেই তা ফেরত দেওয়া বা টাকা রিফান্ড করা যাবে না। তাই তাড়াহুড়ো না করে সাবধানে তারিখ ও আসন নির্বাচন করুন।
যারা অনলাইনে সিট পাবেন না, তাদের জন্য যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে।অনলাইনে যারা টিকিট কাটার চেষ্টা করছেন, তারা পেমেন্ট গেটওয়ে সচল রাখতে নিজের বিকাশ, রকেট বা কার্ডের ব্যালেন্স আগে থেকেই চেক করে নিন।
এনএন/ ১৬ মে ২০২৬




